হাওজা নিউজ এজেন্সি’কে দেয়া এক সাক্ষাৎকারে ইরানের ধর্মীয় নগরী কোমের হাওজায়ে ইলমিয়ার উপপ্রধান হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমিন মালেকি মহানবী (সা.)-এর জীবনাচরণে হযরত ফাতিমা যাহরা (সা.আ.)-এর মর্যাদা এবং ব্যক্তিজীবনে তাঁর আদর্শ ও শিক্ষা অনুসরণের প্রয়োজনীয়তা তুলে ধরেছেন।
তিনি বলেন, মহানবী (সা.)-এর বাস্তব জীবনাচরণে হযরত ফাতিমা জাহরা (সা.আ.) বিশেষ মর্যাদার অধিকারী ছিলেন। এ বিষয়ে এমন অনেক বর্ণনা রয়েছে, যেগুলোর অধিকাংশই সুন্নি সূত্রে বর্ণিত এবং শিয়ারাও সেগুলো সমর্থন করেন। এসব বর্ণনা থেকে জানা যায়, মহানবী (সা.) হযরত ফাতিমা (সা.আ.)-এর সঙ্গে অত্যন্ত বিশেষ ও স্বতন্ত্র আচরণ করতেন। তিনি যখন তাঁর সঙ্গে দেখা করতে যেতেন, তখন ফাতিমা (সা.)-এর হাত ও কপালে চুম্বন করতেন। আবার হযরত ফাতিমা (সা.আ.) যখন মহানবী (সা.)-এর কাছে আসতেন, তখন তিনি মেয়েকে সম্মান জানাতে দাঁড়িয়ে যেতেন এবং এগিয়ে গিয়ে তাঁকে অভ্যর্থনা জানাতেন।
মহানবী (সা.)-এর এমন আচরণ দেখে কেউ কেউ ঈর্ষান্বিত হতেন। তাঁরা প্রশ্ন করতেন, ‘আপনি তাঁর সঙ্গে এমন আচরণ করেন কেন? তৎকালীন আরব সমাজে কোনো বাবার মেয়ের সঙ্গে এমন আচরণের নজির ছিল না।’
জবাবে মহানবী (সা.) হযরত ফাতিমা (সা.আ.)-এর মর্যাদা ও ব্যক্তিত্বের কথা স্মরণ করিয়ে দিতেন। তিনি বলতেন, ‘তোমরা কি জানো, ফাতিমা কে এবং তাঁর মর্যাদা কতটুকু? তিনি ইমাম হাসান ও ইমাম হুসাইন (আ.)-এর মা। সবাই তো আর শহীদদের নেতা ইমাম হুসাইন (আ.)-এর মা হতে পারেন না! হযরত ফাতিমা (সা.আ.) সেই মহীয়সী নারী, যাঁর কোলে বেড়ে উঠেছেন ইমাম হুসাইন (আ.)। পরবর্তী সময়ে তিনি কারবালায় মহানবী (সা.)-এর দ্বীনকে রক্ষা করেছেন এবং শত্রু ও নিকৃষ্ট চরিত্রের মানুষদের তা ধ্বংস করতে দেননি।’
ইমাম হুসাইন (আ.) বলেছেন,
إِنْ كَانَ دِينُ مُحَمَّدٍ لَمْ يَسْتَقِمْ إِلَّا بِقَتْلِي يَا سُيُوفُ خُذِينِي.
অর্থাৎ, ‘আমার শাহাদাত ছাড়া যদি মুহাম্মদ (সা.)-এর দ্বীন সুপ্রতিষ্ঠিত না থাকে, তাহলে হে তরবারিগুলো, আমাকে আঘাত করো।’
এ কারণেই মহানবী (সা.) বলেছেন,
حُسَيْنٌ مِنِّي وَأَنَا مِنْ حُسَيْنٍ.
—‘হুসাইন আমার থেকে, আর আমি হুসাইনের থেকে।’ অর্থাৎ, ইমাম হুসাইন (আ.) মহানবী (সা.)-এর দ্বীনের স্থায়িত্ব ও দৃঢ়তা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। কিন্তু হুসাইন কে? তিনি হযরত ফাতিমা যাহরা (সা.আ.)-এর সন্তান। তিনিই ইমাম হাসান (আ.) ও ইমাম হুসাইন (আ.)-এর জননী।
মহানবী (সা.) হযরত ফাতিমা (সা.আ.)-এর সঙ্গে এমনই সম্মানজনক আচরণ করতেন। তিনি সফর থেকে ফিরে সবার আগে হযরত ফাতিমা (সা.আ.)-এর সঙ্গে দেখা করতে যেতেন। আবার সফরে যাওয়ার সময় সবার শেষে তাঁর কাছ থেকেই বিদায় নিতেন। এসব আচরণ মহানবী (সা.)-এর কাছে হযরত ফাতিমা (সা.আ.)-এর বিশেষ মর্যাদারই বহিঃপ্রকাশ। কারণ, একজন মানুষের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের মধ্যে তিনিই অন্যতম, যাঁর কাছ থেকে তিনি সফরে যাওয়ার সময় সবার শেষে বিদায় নেন এবং ফিরে এসে সবার আগে যাঁর সঙ্গে দেখা করেন।
মহানবী (সা.) যখন হযরত ফাতিমা (সা.আ.)-এর ঘরে যেতেন, তখন তাঁকে নিজের জায়গায় বসাতেন এবং যথাযথ সম্মান প্রদর্শন করতেন। একইভাবে, হযরত ফাতিমা (সা.আ.) যখন তাঁর কাছে আসতেন, তখন তিনি মেয়েকে অভ্যর্থনা জানাতে এগিয়ে যেতেন এবং তাঁর হাতে চুম্বন করতেন। এসব আচরণই হযরত ফাতিমা যাহরা (সা.আ.)-এর মহান ব্যক্তিত্ব ও উচ্চ মর্যাদার প্রমাণ বহন করে।
পবিত্র সুরা কাউসারের গুরুত্বও হযরত ফাতিমা (সা.আ.)-এর মর্যাদার সঙ্গে সম্পৃক্ত। তিনি এমন এক মহীয়সী নারী, যাঁর ব্যক্তিত্ব ও মর্যাদা সম্পর্কে যথাযথ জ্ঞান অর্জন মানুষকে আল্লাহর জ্ঞান ও শিক্ষার গভীরতর উপলব্ধির দিকে নিয়ে যায়। এ কারণেই বলা হয়ে থাকে, হযরত ফাতিমা (সা.আ.)-কে চিনতে পারলে শবে কদরকেও চেনা যাবে। শবে কদরের মর্যাদার সঙ্গেও তাঁর উচ্চ অবস্থান ও বিশেষ সম্পর্ক রয়েছে।
আল্লাহর কাছে প্রার্থনা করি, হযরত ফাতিমা যাহরা (সা.আ.)-এর শাহাদাতের দিনগুলোতে আমরা যেন তাঁর জ্ঞান, শিষ্টাচার ও প্রজ্ঞা থেকে শিক্ষা গ্রহণ করতে পারি। বিশেষ করে, আমাদের নারীদের উচিত হযরত ফাতিমা (সা.আ.)-কে নিজেদের আদর্শ হিসেবে গ্রহণ করা এবং পশ্চিমা সংস্কৃতি, অশালীনতা ও শয়তানি সংস্কৃতি পরিহার করা। আমাদের সামনে হযরত ফাতিমা যাহরা (সা.আ.)-এর মতো একজন মহান ব্যক্তিত্ব রয়েছেন, যিনি জ্ঞান, শিষ্টাচার, প্রজ্ঞা এবং মানবিক ও আধ্যাত্মিক মর্যাদায় অত্যন্ত উচ্চ অবস্থানে অধিষ্ঠিত।
আমাদের উচিত মাতৃত্বের শিক্ষা হযরত ফাতিমা (সা.আ.)-এর কাছ থেকে গ্রহণ করা এবং একজন আদর্শ স্ত্রী হওয়ার শিক্ষাও তাঁর জীবন থেকে নেওয়া। আমিরুল মুমিনিন হযরত আলী (আ.)-কে যখন জিজ্ঞাসা করা হয়েছিল, তিনি হযরত ফাতিমা (সা.আ.)-কে কেমন পেয়েছেন, তখন তিনি বলেছিলেন,
نِعْمَ الْعَوْنُ عَلَى طَاعَةِ اللَّهِ.
অর্থাৎ, ‘আল্লাহর আনুগত্যের পথে তিনি কতই না উত্তম সহযোগী!’
আমাদেরও উচিত এমন আদর্শ জীবনসঙ্গী হওয়ার চেষ্টা করা, আদর্শ মাতৃত্বের চর্চা করা এবং সন্তানদের এই মহান আদর্শে গড়ে তোলা।
আল্লাহ আমাদের সবাইকে হযরত ফাতিমা যাহরা (সা.আ.)-এর প্রকৃত পরিচয় ও মর্যাদা উপলব্ধি করার তাওফিক দান করুন। তাঁর ফাতেমি শিক্ষা ও জ্ঞান থেকে উপকৃত হওয়ার এবং নিজেদের জীবনে তাঁকে আদর্শ হিসেবে গ্রহণ করার সৌভাগ্য দান করুন।
আপনার কমেন্ট